টানা বৃষ্টিতে জল বাড়ল বাঁকুড়ার গন্ধেশ্বরী, দারকেশ্বর, শিলাবতী , ভৈঁরোবাঁকি, শালী নদীতে
দি নিউজ লায়ন ; টানা বৃষ্টির ফলে জল বাড়ল বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী ও দারকেশ্বর নদে । জল বেড়েছে বাঁকুড়ার কংসাবতী, শিলাবতী , ভৈঁরোবাঁকি, শালী সহ জেলার সবকটি নদীতেই । মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৯৭.২ মিলিমিটার । একটানা এই প্রবল বৃষ্টিতে মঙ্গলবার রাত থেকেই জল বাড়তে শুরু করে গন্ধেশ্বরী ও দারকেশ্বর সহ জেলার নদীগুলিতে । মঙ্গলবার রাতেই জলের তোড়ে ভেসে যায় গন্ধেশ্বরী নদীর উপর বাঁকুড়া পুরসভার তরফে অস্থায়ী ভাবে তৈরি রাস্তা । ফলে সতীঘাটের উপর দিয়ে কেশিয়াকোল ও বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ।
বুধবার বেলা যত বেড়েছে ততই বেড়েছে গন্ধেশ্বরী নদীর জলের উচ্চতা। দুপুরে নদীর পরিস্থিতি খতিয়ে দেখতে সতীঘাটে যান বাঁকুড়া পুরসভার প্রশাসক মন্ডলীর তিন সদস্য। এদিকে গত কয়েকদিন ধরেই জলের তলায় থাকা দারকেশ্বরের মীনাপুর সেতুর উপর দিয়ে এদিন আরো বেগে বইতে শুরু করে জল । ফলে জলমগ্ন সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যে পারাপার চলছিল এদিন তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ।
একটানা বৃষ্টিতে এদিন জল জমে বাঁকুড়া শহরের ১৬ ও ২৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশ ও শহরের আশ্রম পাড়া , ছিন্নমস্তা পল্লী নন্দন পল্লী এলাকায় বেশ কিছু মানুষ সমস্যায় পড়েন । জলবন্দী সেই এলাকাগুলিও এদিন ঘুরে দেখেন বাঁকুড়া পুরসভার তিন প্রশাসক ।

Post a Comment